বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যা, মামলায় আসামি ৫১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩৫

শেয়ার

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যা, মামলায় আসামি ৫১ জন
ছবি: বাংলা এডিশন

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর অবশেষে মামলা হয়েছে। নিহত জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার ভাই মো. জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ৫১ জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।

মঙ্গলবার রাতে কালিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার নম্বর ১২।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে শুক্রবার (২০ নভেম্বর) নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ওই দিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ লোকজন এসব হামলা চালান বলে জানিয়েছিল পুলিশ।

হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর কয়েকটি আগে থেকেই পরিত্যক্ত ছিল বলে জানা গেছে। তবে কিছু বাড়িতে বসবাস করতেন পরিবারের সদস্যরা। ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর কোথাও পুড়ে যাওয়া টিন ও আসবাবপত্র পড়ে রয়েছে, কোথাও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। পরিবারের সদস্যরা ঘরবাড়ি পরিষ্কার ও অবশিষ্ট জিনিসপত্র সরানোর কাজ করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এর আগে হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে ঘটনার এক সপ্তাহ পর নিহত সোহেল মোল্যার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় মামলাটি নথিভুক্ত হয়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার ভাই মো. জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।