মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২২:৫৯

শেয়ার

চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানার ৭ নম্বর পৌর ওয়ার্ডের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীসংলগ্ন ট্রলার ঘাটের পাকা সিঁড়ির ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হক ও এএসআই (নিরস্ত্র) সুমন কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রানু বেগম (৩৫) নামের এক নারীর কাছ থেকে ৬ কেজি এবং মোসা. জান্নাতুল ইভা (২২) নামের অপর এক নারীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রানু বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাকড় (খানবাড়ী) এলাকার সেকেন্দার মিয়ার মেয়ে ও মো. মনির হোসেনের স্ত্রী। অপর আসামি জান্নাতুল ইভা একই উপজেলার গোবিন্দনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লত্তামুড়া এলাকার আমিন ভূঁইয়ার মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।