মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

খুলনায় একদিনে চার স্থানে গুলি, আতঙ্কে নগরবাসী

জিসান কবিরাজ, খুলনা

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২১:৩৬

শেয়ার

খুলনায় একদিনে চার স্থানে গুলি, আতঙ্কে নগরবাসী
ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে একদিনে চারটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে মৎস্য ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি, দুপুরে লবণচরা থানাধীন মোহাম্মদিয়া এলাকায় পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি, বিকেলে সোনাডাঙ্গা থানাধীন পালংকি রেস্টুরেন্টে গুলি এবং সন্ধ্যায় আড়ংঘাটা থানাধীন শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ নিহত না হলেও একের পর এক গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাড়ি, রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলির ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সকালে মৎস্য ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি

মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহ-সভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের একজন এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত রয়েছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুপুরে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়িতে দুই রাউন্ড গুলি

দ্বিতীয় ঘটনা ঘটে দুপুরে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদিয়া পাড়ার ৪ নম্বর গলিতে। দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে এসে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জানালার কাচ ভেঙে যায়। তবে ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না এবং পরিবারের কেউ হতাহত হননি।

টুটুলের মোংলায় ব্যবসায়িক কার্যালয় রয়েছে। তিনি জানান, এর আগেও তাঁকে ভয়ভীতি দেখানো হয়েছিল। তাঁর হোয়াটসঅ্যাপে নূর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টুটুলের বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এতে জানালার গ্লাস ভেঙে গেছে, তবে কেউ হতাহত হননি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার উদ্বেগ প্রকাশ করে বলেন, বসতবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগাম হুমকির অভিযোগ থাকার পরও হামলার ঘটনা ঘটায় সংশ্লিষ্ট হুমকিদাতাদের শনাক্ত করা এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন পুলিশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

পুলিশের আশ্বাসে খুলে কয়েক ঘণ্টার মধ্যে পালংকি রেস্টুরেন্টে গুলি

তৃতীয় ঘটনা ঘটে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরণী এলাকার গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে। মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই বিভিন্ন পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দিলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া এবং মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়। চাঁদাবাজির হুমকির কারণে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন মালিকপক্ষ।

সর্বশেষ সোমবার রাতেও চাঁদার দাবিতে হুমকি দেওয়া হলে মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ সেখানে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয়। এরপর রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। আশপাশে পুলিশের টহলও ছিল।

কিন্তু রেস্টুরেন্ট চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল সোয়া ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাইরে থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এক রাউন্ড গুলি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। ঘটনার পর ফোন করে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ফোনে বলা হয়, 'তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।'

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের সাইনবোর্ডে লাগে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে অন্য একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রেস্টুরেন্টটি চাঁদাবাজদের ভয়ে বন্ধ ছিল এবং পুলিশের আশ্বাসে পুনরায় চালু করা হয়েছিল বলেও তিনি জানান। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সন্ধ্যায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ

দিনের সর্বশেষ গুলির ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার আড়ংঘাটা থানা এলাকার শলুয়া সুইস গেটসংলগ্ন পানুর চায়ের দোকানে। মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুর্বৃত্তরা দোকানটি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। ফলে তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। গুলির শব্দে দোকানে থাকা লোকজন প্রাণভয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয়দের দাবি, দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার পর দুর্বৃত্তরা সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে আরও একটি গুলির সন্ধান পাওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শলুয়া অবদার মাথায় সুইস গেটের পাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি করে। গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।

একের পর এক গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

একদিনে খুলনা নগরীর চারটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। মৎস্য ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পরিবহন ব্যবসায়ীর বাড়িতে হামলা, রেস্টুরেন্টে চাঁদার দাবির পর গুলিবর্ষণ এবং চায়ের দোকান লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনাগুলো নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হুমকি, পুলিশের নিরাপত্তার আশ্বাসের পরও রেস্টুরেন্টে গুলির ঘটনা এবং জনসমাগমপূর্ণ স্থানে অস্ত্রের ব্যবহার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

নগরবাসীর প্রত্যাশা, প্রতিটি ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।