মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, সরেজমিন তদন্তের নির্দেশ মাউশির

ভোলা প্রতিনিধি মোঃ শফিক খাঁন

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২১:১৬

শেয়ার

ভোলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, সরেজমিন তদন্তের নির্দেশ মাউশির
ছবি: বাংলা এডিশন

বিদ্যালয়ের ফান্ড শূন্য, এফডিআরের টাকা উত্তোলন ও অনুপস্থিত শিক্ষকের বেতন উত্তলন, সেকাইএফ এর ভবন নির্মান না করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ; সরেজমিন তদন্তের নির্দেশ মাউশির।

ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, সরকারি সম্পদ বিক্রি, এফডিআরের টাকা উত্তোলন, সেকাইএফের বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎ, অনুপস্থিত শিক্ষককে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা,এসব নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে মাউশির উপপরিচালক (মাধ্যমিক-১) মো. জাফিজ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগগুলো তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মাউশিতে দাখিল করা অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) মো. মাকসুদুর রহমান প্রধান শিক্ষক মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে তদন্তের আবেদন করেন।

অভিযোগে বলা হয়, ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টিউশন ফির যথাযথ হিসাব ও বণ্টন করা হয়নি। জেলা পরিষদের নির্মিত আধাপাকা টিনশেড ভবনের টিনের চালা, দরজা-জানালা বিধি অনুযায়ী বিক্রি না করে অর্থের অনিয়ম করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের জেনারেল ফান্ডের অর্থ শূন্য করা, দুটি কম্পিউটার নিয়মবহির্ভূতভাবে বিক্রি এবং এফডিআরের টাকা উত্তোলনের অভিযোগও রয়েছে। অভিযোগ উঠেছে দাতা সংস্থা সেকাইএফ এর ভবন নির্মানের জন্য ২০১৭/১৮ অর্থ বছরে ৪ লাখ টাকা প্রদান করেন সংস্থাটি, কিন্তু আজও বিদ্যালয়ে নির্মিত হয়নি ভবনটি।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মনির উদ্দিন ঐ ৪ লাখ টাকা কোথায় ব্যবহার করেছেন জানেনা বিদ্যালয়ের কোন শিক্ষক।

সবচেয়ে গুরুতর অভিযোগ, বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস দীর্ঘ ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তাঁর নামে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন ও জমা দেওয়ার ঘটনা ঘটেছে। কীভাবে একজন শিক্ষক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা পেয়েছেন, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এদিকে, বিভিন্ন ব্যক্তিকে বিদ্যালয়ে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে প্রধান শিক্ষক মনির উদ্দিন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে মাউশির চিঠিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে অভিযোগগুলোর বিষয়ে সরেজমিন তদন্ত করতে হবে এবং সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে হবে। এ জন্য বরিশাল অঞ্চলের উপপরিচালক, ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. মনির উদ্দিন বলেন এটা আমার সহকারী শিক্ষকদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, তবে অর্থ আত্মসাৎ এর বিষয়টি তিনি এড়িয়ে যান।

বিদ্যালয়টির বর্তমান সভাপতি মোঃ বজলুর রহমান বলেন আমি বর্তমান বছরের জুলাই মাসে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি, তবে তার আগের কিছু অনিয়মের বিষয় শুনেছি সে সকল অনিয়মের পূনরাবৃত্তি যেন না হয়।

তবে অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত ও প্রতিবেদন প্রকাশের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।