মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

খুলনায় হুমকির পর পরিবহন ব্যবসায়ীর বাড়িতে দুই রাউন্ড গুলি

জিসান কবিরাজ, খুলনা

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৮:০৮

শেয়ার

খুলনায় হুমকির পর পরিবহন ব্যবসায়ীর বাড়িতে দুই রাউন্ড গুলি
ছবি: প্রতীকী

খুলনা নগরীতে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর আগে ওই ব্যবসায়ীকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

গুলিতে বাড়ির শোবার ঘরের জানালার থাই গ্লাস ভেঙে গেলেও পরিবারের কেউ হতাহত হননি। তবে বসতবাড়ি লক্ষ্য করে এমন গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে এসে পরিবহন ব্যবসায়ী টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির আঘাতে জানালার কাচ ভেঙে যায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তাঁর ব্যবসায়িক কার্যালয় রয়েছে। তিনি জানান, এর আগেও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। নূর আজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাঁকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। আগের হুমকির ঘটনার পর এবার সরাসরি তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটল।

আগের হুমকির সঙ্গে এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ব্যবসায়িক বিরোধ, চাঁদাবাজি কিংবা কোনো বাহিনীর নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। তবে হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছুড়েছে। এতে জানালার গ্লাস ভেঙে গেছে। তবে কেউ হতাহত হননি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, বসতবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগাম হুমকির অভিযোগ থাকার পরও হামলার ঘটনা ঘটায় সংশ্লিষ্ট হুমকিদাতাদের শনাক্ত করা এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন পুলিশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।