শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে স্থানীয় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই থানার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর জানান, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
এ সময় অর্থের বিনিময়ে তাদের ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার অভিযোগে স্থানীয় তিনজনের নাম উঠে আসে। তারা হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।
পরবর্তীতে আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি অভিযুক্ত তিনজনকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







