গোপালগঞ্জে একই দিনে আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক দুটি সংঘর্ষে ধারালো অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে দুই পক্ষের মোট ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদরের প্রথম ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এলাকার পরিবেশ নতুন করে ঘোলাটে হয়ে উঠেছে।
এলাকাবাসী বলাবলি করছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পর এবার কোটালীপাড়ায়ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। নিজেদের পাতা ফাঁদে নিজেরা পা দিয়ে নিজের পায়েই কুড়াল মারল। কথাগুলো বললেন গোপালগঞ্জের ছাত্রদলের কর্মী মো. সোহান।
জানা যায়, কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে কোটালীপাড়া মোড়ের পান দোকানদার ইদ্রিস জানান। সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় আরমান ঢালী বলেন, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে দাঁড়ানো নিয়ে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যুবলীগ নেতা মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।
অন্যদিকে শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ভদ্রভাবে ছাত্রলীগ করে আসছি। আমার আপন ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের সাথে একটু আন্তরিকতার সাথে মেশেন। তাঁর কাছে দলমত নেই। তিনি মানুষকে ভালোবাসেন। তাঁর নেতৃত্বে এগিয়ে যাওয়া নিয়ে একটা ক্ষোভ ও রাগ থেকেই মশিউর রহমান রাগান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করেন। হামলায় আমিসহ বেশ কয়েকজন আহত হই। তা ছাড়া আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাওয়া হয়, যা আমরা আশা করিনি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করতে আমার কাছে আসেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
একই দিন তথা সোমবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পায়ে পাড়া দেওয়ার কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দলটির নিজ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনই গুলিবিদ্ধ। শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সাইফুল, আবুবকর ও লাবলু গণমাধ্যমকে বলেন, আমরাও সংবাদকর্মী। যা দেখেছি, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় প্রথমে জড়ো হন। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হওয়ার খবরও জানা যায়। ভাঙচুর করা হয় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবা গণমাধ্যমকে বলেন, ‘প্রকৃতি কারও কথা শোনে না। এমন কিছু অন্যায় আছে, যার প্রতিশোধ মানুষকে নিতে হয় না। নীরব প্রকৃতি নীরবেই তার প্রতিশোধ নেয়। গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় ঠিক এমন ঘটনাই ঘটতে যাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ঠান্ডা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই। ওরাই ওদের জন্য যথেষ্ট।
আরও পড়ুন:







