মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

বেনাপোলে শ্রমিক নেতা তবিকে লক্ষ্য করে বোমা হামলা, আহত দুই

হারুন অর রশিদ,শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৬

শেয়ার

বেনাপোলে শ্রমিক নেতা তবিকে লক্ষ্য করে বোমা হামলা, আহত দুই
ছবি: বাংলা এডিশন

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপি নেতা ও বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও তাঁর সঙ্গে থাকা লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে পালাতক ফ্যাসিবাদী স্বৈরাশাসক বিরোধী মিছিল শেষ করে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে বাড়ির সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই গ্রামের বাসিন্দা।

আহত তবিবুর রহমান জানান, তাঁরা কয়েকজন মিলে সীমান্ত পাহারা ও মিছিল শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, বোমার আঘাতে আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর পর বাড়ি ফিরছিলাম। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ জব্দ করা হয়েছে। পরবর্তীতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।