ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবার গুঁড়া, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামে পৃথক দুটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরাকৃত হলেন আলাদাউদপুর গ্রামের হারুন মিয়া (৫০) ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল আলাদাউদপুরে হারুন মিয়ার নিজ দখলীয় দুটি বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে হারুন মিয়া ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ফয়েজ আহাম্মদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান জানান, জেলায় মাদকের বিস্তার রোধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:







