বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, প্রতিনিধি-সাংবাদিকরা বিপদে পড়লে সম্পাদকদের নীরব থাকা কোনোভাবেই কর্তব্যের মধ্যে পড়ে না। এ প্রথা ভেঙে সাংবাদিকদের বিপদে সম্পাদকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার বা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিপদে প্রতিনিধিদের একা ফেলে রাখার সমালোচনা
আহমেদ আবু জাফর বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁদের নানা ধরনের হামলা, মামলা ও হুমকির শিকার হতে হয়। অথচ অনেক সময় বিপদের মুহূর্তে তাঁরা একা হয়ে পড়েন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, প্রতিনিধিরা বিপদে পড়লে অনেক সম্পাদক কিছুদিন নীরব থাকেন। পরে সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দেন। এতে বিপদগ্রস্ত সাংবাদিকরা আরও সমস্যায় পড়েন। সম্পাদকদের এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।
সাংবাদিকদের পাশে দাঁড়ানো সম্পাদকের দায়িত্ব
আহমেদ আবু জাফর বলেন, সম্পাদক মানেই শুধু সংবাদ প্রকাশ করা নয়, সম্পাদক হলেন সাংবাদিকদের অভিভাবক। কর্মীর বিপদে পাশে দাঁড়ানো তাঁর প্রধান দায়িত্ব। আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে কথা বলা এবং সাংবাদিক সংগঠনকে এগিয়ে আসার ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় উদ্যোগ সম্পাদককেই নিতে হবে।
তিনি আরও বলেন, ঐক্য ছাড়া মফস্বলের কোনো সাংবাদিক নিরাপদ থাকবেন না। তাই সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ও মির্জা আরাফাত আব্বাস।
নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আরও পড়ুন:







