সন্তানসম্ভবা নারীকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ হয়ে যশোর যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স। এ সময় অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক নারী। পরে নবজাতকের মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জের সিংদহ (বাগমারা বাজার) এলাকায়।
ওই সময় ডাকাতেরা অ্যাম্বুলেন্সে থাকা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেনসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা.আব্দুল্লাহ আল নোমানের স্ত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আফসারা তাসনীম ডা. নোমানের স্ত্রী।
ডা.আব্দুল্লাহ আল নোমান জানান, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ ব্যথা অনুভব করলে শনিবার সন্ধ্যায় তাঁকে চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। এরপর ব্যথা বেড়ে গেলে ওই দিনই মধ্যরাতে যশোরের আদ-দ্বীন হাসপাতালের উদ্দেশে রওনা হন তাঁরা।
রাত দেড়টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না-সিংদহ এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটি অন্যান্য যানের মতো ডাকাতের কবলে পড়ে।
ডা. নোমান আরও বলেন,ডাকাত দলের সদস্যরা আমাদের অ্যাম্বুলেন্সে এসে প্রথমে আমাদের কাছে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে নেয়। স্ত্রী সন্তানসম্ভবা, তাঁর অসুস্থতার কথা জানিয়ে আমরা কাকুতি-মিনতি করলেও তারা শোনেনি। এরপর আমার স্ত্রীর কান কেটে নিচ্ছিল। আমাদের অনুরোধে শেষ পর্যন্ত সেটা করেনি। পরে মা-সহ আমাদের পরিবারের সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
এরপর আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতেরা চলে যায়। তখন ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে আমাদের অ্যাম্বুলেন্সের চাবিটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর অ্যাম্বুলেন্সের চাবি পাই এবং সড়কের গাছ সরিয়ে যশোরের উদ্দেশে রওনা হই।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন,ডাকাতির শুরু থেকেই আমার স্ত্রী ভীত হয়ে পড়েন। ডাকাতির সময়ই স্ত্রীর পেট থেকে সন্তানের এক পা বেরিয়ে আসে। এরপর কালীগঞ্জ শহর পার হয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া সন্তানটি মারা যায়। এটি ছেলেসন্তান ছিল। সদ্য ভূমিষ্ঠ সন্তানের মৃত্যুর পর আমরা চুয়াডাঙ্গায় ফিরে যাই। বর্তমানে আমার স্ত্রী বাসায় চিকিৎসাধীন। তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ওই দিন ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন,ডাকাতির সময় নয়, মূলত ওই স্থান থেকে যশোর যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া শিশুটির মৃত্যু হয়। ঘটনার সময় আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে কেটে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল।
আরও পড়ুন:







