সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

বিএনপির মিছিলের প্রস্তুতিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলি, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:৪৯

শেয়ার

বিএনপির মিছিলের প্রস্তুতিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলি, আহত পাঁচ
ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মিলন চৌধুরী ও কাকন বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগমুহূর্তে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হলে আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।

উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর, পুলিশের নজরদারি

হামলায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার পরপরই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত মিলন চৌধুরী বা কাকন বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।