ভাইকে ফিরে পাওয়ার আকুতি, এভাবেই বুকফাটা আর্তনাদে বারবার নিজের মৃত ভাইকে জীবিত ফিরিয়ে দেয়ার আকুতি জানাচ্ছেন নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত, নেতা সোহেলের বোন জ্যোতি খানম। ভাই আর কোনোদিন ফিরবেন না, সেই নির্মম বাস্তবতা জানা সত্ত্বেও যেন কোনোভাবেই তা মেনে নিতে পারছেন না ভাই হারিয়ে পাগলপ্রায় এই বোন।
শুধু সোহেলের বাড়িতেই নয়, শোকের মাতম বইছে হামলায় নিহত আরেক বিএনপি নেতা শাহিনের পরিবারেও। স্বামী হারানোর বেদনায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন শাহিনের স্ত্রী রিমা বেগম। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন নির্মম মৃত্যুতে পাগলপ্রায় তিনি। একদিকে স্বামী হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে শোকের ভারে যেন দিশেহারা এই পরিবার।
কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় জোড়া খুন
অভিযোগ রয়েছে, নড়াইলের কালিয়া উপজেলায় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হামলায় গুরুতর আহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
একইসঙ্গে নড়াইলে বিএনপি নেতাদের হত্যাকাণ্ডের নেপথ্যে সাবেক ক্রিকেটার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে মাশরাফিকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে অনেকেই।
পাল্টা হামলা ও পরিত্যক্ত বাড়ির প্রসঙ্গ
এদিকে, নড়াইলের এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে, যেসব বাড়িতে হামলা চালানো হয়েছে, সেসবের মধ্যে অনেক বাড়ি ২৪-এর ৫ আগস্টের পর থেকেই পরিত্যক্ত বলে জানিয়েছে কালিয়া থানা পুলিশ।
হিন্দুদের ওপর হামলার গুজব ও ভারতীয় গণমাধ্যম
আর এই হামলার ঘটনাটিকেই কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামীপন্থীরা ছড়াতে শুরু করে নড়াইলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। আর তাদের এই গুজবকে আরও রসালো ও মুখরোচকভাবে উপস্থাপন করতে থাকে ভারতীয় গণমাধ্যমগুলো।
তবে, বাস্তবতা বলছে ভিন্ন কথা। নড়াইলের ঘোষপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে, জানিয়েছে স্থানীয়রা। সেখানকার সনাতন ধর্মাবলম্বীরাও জানিয়েছে, ঘোষপাড়ায় তাঁদের ওপর কোনো হামলা হয়নি। এমনকি এই হামলার খবরকে ভুয়া এবং ভারতীয় গণমাধ্যমের গুজব বলেও দাবি করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।
একইভাবে, পুলিশের পক্ষ থেকেও একটি বার্তার মাধ্যমে জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে, সেসব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর এসব ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উসকানিমূলক কর্মকাণ্ডের ভিডিও
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়ানোর বিপরীতে, নড়াইলের ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও সামনে আসছে ভিন্ন এক চিত্র নিয়ে। এসব ভিডিওতে তাঁদের সন্ত্রাসী কায়দায় উসকানিমূলক বক্তব্য দিতে, বিভিন্ন স্থানে হামলা চালাতে এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করার কথাও বলতে শোনা যায়। এমনকি বিভিন্ন ভিডিওতে রামদা উঁচিয়ে সহিংসতার হুমকি দিতেও দেখা যায় তাঁদের।
স্বজনদের একটাই দাবি—ন্যায়বিচার
নড়াইলে হামলা হলো, সেই হামলায় ঝরে গেল দুটি তাজা প্রাণ। এর প্রতিক্রিয়ায় কোথাও কোথাও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। তবে কোন কিছুই দিতে পারেনি জ্যোতি খানমের ভাই সোহেলকে, মুছে দিতে পারেনি সোহেলের মায়ের চোখের অশ্রু। তবে সোহেল ও শাহিনের পরিবারের দাবি একটাই—তাঁদের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সবশেষে প্রশ্ন একটাই—স্বজন হারানো এই পরিবারগুলো কি পাবে সঠিক বিচার, নাকি অসংখ্য বিচারহীন হত্যাকাণ্ডের মতো কালের আবর্তে হারিয়ে যাবে সোহেল ও শাহিন হত্যার বিচারও?
আরও পড়ুন:







