সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত

মোঃ আরিফুল ইসলাম, নেত্রকোনা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৮:১৬

শেয়ার

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত
ছবি: আব্দুল বারেক

নেত্রকোনার মদনে পৌরসভার ইজারাদারের টোল আদায়কারীর সঙ্গে ২০ টাকা টোল নিয়ে বিরোধের জেরে আব্দুল বারেক (৭০) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ হারিয়েছিলেন।

এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামে এক টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। তবে নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পৌরসভার সীমানার বাইরেও টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সোমবার ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে টোল আদায়কারীদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেককে এক টোল আদায়কারী ঘুষি মারেন বলে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।