সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল বোট; ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৭:১৮

শেয়ার

ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল বোট; ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড
ছবি: বাংলা এডিশন

সুন্দরবনে রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিন বিকল পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন যাত্রীরা।

এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।