সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

অযত্ন আর অবহেলায় বিলুপ্তির পথে পঞ্চগড়ের জমিদারবাড়ী

সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৬:০৩

শেয়ার

অযত্ন আর অবহেলায় বিলুপ্তির পথে পঞ্চগড়ের জমিদারবাড়ী
ছবি: বাংলা এডিশন

একসময় ছিল আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক। কালের বিবর্তনে সেই জমিদারবাড়ি আজ হারাতে বসেছে তার অস্তিত্ব। দীর্ঘদিনের অবহেলা, অযত্ন আর সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে ইতিহাসের সাক্ষী এই স্থাপনা। অথচ যথাযথ সংরক্ষণ করা গেলে এটি হতে পারে এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ। ঐতিহাসিক জমিদারবাড়িটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি সরজমিনে দেখা যায়, একসময় যেখানে ছিল জমিদারি শাসনের জৌলুস, মানুষের পদচারণা আর আভিজাত্যের ছোঁয়া, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। সময়ের ব্যবধানে জমিদারবাড়ির বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। কোথাও খসে পড়েছে দেয়ালের পলেস্তারা, আবার কোথাও ভেঙে পড়েছে স্থাপনার অংশ। গাছপালা আর আগাছায় ঢেকে যাচ্ছে ঐতিহাসিক এই নিদর্শন।

জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে প্রায় আড়াই যুগ থেকে জমিদারি চালিয়ে আসতেন, ভারতের কুচবিহার এর মহারাজা নীপেন্দ্র নারায়ন রায় এর অধিনস্থ জমিদার ছিলেন ধর্য্য নারায়ন, মতিলাল রায় ও লক্ষিন্দ্র নারায়ন রায়। এ দেশে ১৯৫০ সালে জমিদারী প্রথা আইনগতভাবে বিলুপ্ত করা হয়। এর ফলে জমিদারদের জমির মালিকানা ও খাজনা আদায়ের প্রচলিত অধিকার রাষ্ট্রের অধিনে চলে যায়।

জমিদারের নাতীরা জানান, পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে। তখন এই জমিদার মতিলাল রায় ও মধুসূদন ভারতে চলে যান। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে খাজনার কারণে আমাদের যে জমিদারি ছিল সে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায়। আর সরকার সম্পত্তি গুলো এনিমেনি করে দেয়। জমি গুলো সরকার যদি আমাদেরকে ফেরত দেয়, তাহলে ভালভাবে আমরা চলতে পারবো।

সোনাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক রতন কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জমিদারবাড়ীটির ঐতিহাসিক সৌন্দর্য। এটি সংস্কার করলে তৈরি হতে পারে পর্যটন কেন্দ্র। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী তার।

জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন বলেন, জমিদারের বাড়ি ও মন্দীর পরির্দশন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পঞ্চগড় যেহেতু পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা সেহেতু প্রত্নতত্ত্ব ও পর্যটনের জায়গা হিসেবে নির্ধারণ করা হলে, পর্যটন খাত আরো এগিয়ে যাবে।