গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে মোটরসাইকেল মহড়া দিয়েছেন যুবদল ,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার সকালে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে মোটরসাইকেল মহড়াটি শুরু হয়। পরে টঙ্গীবাজার,মিলগেট, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরা, বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোড, ভাদাম ও তিলারগাতীসহ শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহড়াটি গাজীপুরা বাসস্ট্যান্ডে
অবস্থান নেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু ,গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম , টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন কৌশলে তাদের সঙ্গে মিশে কারখানায় অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিদিন সকাল থেকে বিকেলে কারখানা ছুটি হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:







