গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা রয়েছে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশে মিছিল করেন। এতে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
জুলাই-পরবর্তী সময়ে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এ ধরনের প্রকাশ্য বিক্ষোভ মিছিলের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিলের বিষয়ে কিছু জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি।
আরও পড়ুন:







