গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি প্রকাশের ঘটনায় তিনি ‘হকিস্টিক লেডি’ নামে পরিচিতি পান। গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁর এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাঁকে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন , ছাত্রলীগের ওই নেত্রীকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







