সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ, বন্ধ ৪৬ কারখানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৪:০৪

শেয়ার

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ, বন্ধ ৪৬ কারখানা
ছবি সংগৃহীত

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

আহত শ্রমিকরা হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। তাদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিক নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়ে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অন্যান্য কারখানার মতো সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা কাজে যোগ দেন। পরে উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ ফ্লোরে অবস্থান নেন।

সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যান। তবে তাদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

পুলিশ সুপার জানান, এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলিফ পরিবহনের একটি বাস নিউ এইজ গ্রুপের কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হওয়া শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন। শ্রমিকদের একাংশ পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হাঙ্গামার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সতর্ক করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে রাস্তায় পড়ে একজন নারী শ্রমিক মাথায় এবং অপর দুজন পায়ে আঘাত পান বলে জানান পুলিশ সুপার।

বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে যেসব কারখানায়

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ রয়েছে।

সাধারণ ছুটি ঘোষণা করা ২১টি কারখানা হলো সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড, কমপ্লিট কম্পোজিট লিমিটেড ও উচু ফ্যাশন লিমিটেড।

ম্যাংগো টেক্স এবং সাদ গ্রুপের নাঈম নিটওয়্যার লিমিটেড ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।

অন্যদিকে শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নিট লিমিটেড, রেডিয়্যান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন লিমিটেড।

শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে।