সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৩৪

শেয়ার

কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
ছবি সংগৃহীত

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি। এবার দেশ ছেড়ে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন রাজধানীর একসময়ের এই আলোচিত সন্ত্রাসী।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

কে এই সুইডেন আসলাম

সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবার নাম শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে থাকতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল তার হাতে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন আলোচনায় ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার নাম উঠে আসে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাকে ঘিরে নানা আলোচনা ছিল।

যেভাবে অপরাধজগতে উত্থান

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে সুইডেন আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন তিনি।

নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে।

১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলাম ও হান্নানের নাম আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান আসলাম।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামে বলে অভিযোগ রয়েছে।

কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৫ বছর। সে সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্যও পাওয়া যায়।

গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান।

কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থের ভাগও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এ ছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

যেভাবে নাম হয় সুইডেন আসলাম

আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে ছিলেন। সেই সূত্রেই পরিচিতি পান সুইডেন আসলাম নামে। পরে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

আসলামের ঘনিষ্ঠজনদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ক্রসফায়ারের আশঙ্কায় তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি।

জানা যায়, তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।

২৭ বছর পর মুক্তি, আবার গ্রেপ্তার

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুইডেন আসলাম। বিভিন্ন কারাগারে থাকার পর ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।

দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তার মুক্তির বিষয়টি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মুক্তির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছে ঢাকার নব্বইয়ের দশকের অপরাধজগতের এই পরিচিত নাম।