সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

ড্রেন নির্মাণের পর সড়ক বেহাল, দুর্ভোগে শৈলকুপার মানুষ

আশরাফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৫৯

শেয়ার

ড্রেন নির্মাণের পর সড়ক বেহাল, দুর্ভোগে শৈলকুপার মানুষ
ছবি: বাংলা এডিশন

একদিকে ভাঙাচোরা সড়ক, অন্যদিকে কাদা-পানি আর যত্রতত্র ময়লা-আবর্জনা। কোথাও ড্রেন নির্মাণের জন্য সড়ক কেটে রাখা হয়েছে, কোথাও কাজ শেষ হলেও আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হয়নি রাস্তা। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে জমে যায় পানি, চলাচলে তৈরি হয় চরম দুর্ভোগ। এমন পরিস্থিতিতে ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরের নাগরিক জীবন যেন প্রতিদিনই নতুন ভোগান্তির মুখোমুখি হচ্ছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে কাঁচাবাজারের অভ্যন্তরীণ রাস্তা ও অলিগলি—প্রায় সর্বত্রই বেহাল অবস্থা।
স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ বা সংস্কারের জন্য সড়ক কেটে কাজ করা হলেও কাজ শেষে অনেক ক্ষেত্রেই রাস্তা যথাযথভাবে মেরামত করা হয় না। দায়সারাভাবে মাটি বা খোয়া ফেলে রেখে সরে পড়ে সবাই। ফলে কিছুদিনের মধ্যেই সড়কের ঐ স্থানে আরও ভাঙাচোরা হয়ে পড়ে। বৃষ্টি হলে এসব স্থানে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।
শহরের ব্যস্ততম এলাকা কাঁচাবাজারের ভেতরের সড়কগুলোর অবস্থা সবচেয়ে নাজুক বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। বাজারে প্রতিদিন অসংখ্য মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কাজে আসেন। কিন্তু সড়কের বেহাল দশার কারণে ক্রেতা-বিক্রেতা, যানবাহন চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই কাদা-পানিতে সড়ক এমন অবস্থায় পৌঁছায় যে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। পণ্য পরিবহন ও বাজারে মালামাল আনা-নেওয়াতেও তৈরি হয় নানা সমস্যা।
শুধু কাঁচাবাজার নয়, শহরের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। শহরের চাররাস্তার মোড় থেকে থানা মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। শহরের বিভিন্ন অলিগলিতেও একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও রাস্তা ভেঙে গেছে, কোথাও ড্রেনের কাজের পর সড়ক সংস্কার না করায় দুর্ভোগ আরও বেড়েছে।
এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীরা। প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কিংবা দৈনন্দিন কাজে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল করাও অনেক ক্ষেত্রে দুরূহ হয়ে উঠেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও অপর্যাপ্ত সড়কবাতির সমস্যা। শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে অনেক সড়কে বিদ্যুতের খুঁটি থাকলেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। কোথাও সড়কবাতি অচল থাকায় সন্ধ্যার পর অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। এতে দুর্ঘটনা ও নিরাপত্তাঝুঁকি বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণের কাজের পর রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কার? একটি সড়ক খুঁড়ে কাজ করার পর সেটি সংস্কার না করে ফেলে রাখা হলে উন্নয়নকাজের সুফল সাধারণ মানুষ কীভাবে পাবে? তাঁদের মতে, শুধু ড্রেন নির্মাণ বা সড়ক খনন করলেই হবে না, কাজ শেষে সড়ক পুনর্নির্মাণ ও মানসম্মতভাবে সংস্কার নিশ্চিত করতে হবে।
শহরবাসীর দাবি, কাঁচাবাজারের অভ্যন্তরীণ সড়কসহ শহরের প্রধান সড়ক ও অলিগলির বেহাল অংশ দ্রুত সংস্কার করতে হবে। ড্রেন নির্মাণের পর কেটে ফেলা সড়কগুলো যথাযথভাবে মেরামত, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং অচল সড়কবাতি সচল করার উদ্যোগ নিতে হবে।
শৈলকুপা পৌর শহর হাজারো মানুষের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রার কেন্দ্র। অথচ সড়কের এমন বেহাল দশা নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। শহরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে সমস্যাগুলো পরিদর্শন করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। উন্নয়নের নামে রাস্তা কেটে ফেলে রাখা নয়, বরং কাজ শেষে চলাচলের উপযোগী সড়ক নিশ্চিত করাই হোক পৌর কর্তৃপক্ষের অগ্রাধিকার।