নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সাদা পোশাকে তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে ওই এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তিনি মারা যান।
হামলার সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে বাঁচেন। তবে তিনি কোনো আঘাত পেয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মাদক কারবারিদের সংশ্লিষ্টতার সন্দেহ
পুলিশ সূত্রে জানা গেছে, হাশেমবাগ এলাকায় মাদক কারবারের একাধিক স্পট রয়েছে। এসব স্থানে অতীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে।
পুলিশের ধারণা, কনস্টেবল আনোয়ারের ওপর হামলার ঘটনায় মাদক কারবারিদের কোনো চক্র জড়িত থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এর আগে চলতি বছরের মে মাসেও একই এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্ত করতে গিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল পুলিশের।
আরও পড়ুন:







