ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
রবিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দলকে কঠোর নজরদারি চালাতে দেখা যায়। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা সব সময় তৎপর রয়েছেন। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না।
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবির এই অধিনায়ক বলেন, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান করেছেন।
আরও পড়ুন:







