রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীর কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আটক দুইজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২২:০১

শেয়ার

রাজধানীর কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আটক দুইজন
ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার সন্ধ্যায় কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ও কলেজ কর্মচারী

ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র‍্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার সময় তাঁরা ঘটনাস্থলেই ছিলেন। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ অবস্থান করছিল। ককটেলটি ওই দিক থেকে আসতে পারে, আবার কলেজের ছাদ থেকেও ফেলা হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের সময় তাঁরা কিছু বুঝতে পারেননি।

দুটি বিস্ফোরণের কথা জানালেন ছাত্রদল নেতা

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান জানান, ককটেল বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে পাশেই কথা বলছিলেন। তখন কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক সেই সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে তাঁরা ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।

নোমান বলেন, দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরণের পর তাঁরা বিষয়টি বুঝতে পারেন। পরে জানতে পারেন, কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।