রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক

জিসান কবিরাজ, খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:৪২

শেয়ার

খুলনায় বিএনপি নেতাকে গুলি: সিসিটিভি ফুটেজ দেখে যুবক আটক
ছবি: বাংলা এডিশন

খুলনার তেরখাদায় বিএনপি নেতা মাফিজুর রহমানকে গুলি করার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল করিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

রবিবার ভোরে পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুল করিম ওই গ্রামের মৃত মহি মোড়লের ছেলে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় গুলির ঘটনা ঘটে। আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি মোকামপুর গ্রামের আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্র, ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে মোকামপুর বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর রহমান। পথে মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিতে মাফিজুর রহমানের বাম হাত, ডান পা এবং বুকের বাম পাশের নিচের অংশে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে রোববার ভোরে পাশের দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আব্দুল করিমকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।