রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:০২

শেয়ার

হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম কারাগারে
ছবি সংগৃহীত

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এনআইডি যাচাইয়ে মামলার তথ্য

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে শনিবার বিকেলে টিপু আলম মিলনকে আটক করে বনানী থানা-পুলিশ। পরে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম থাকার তথ্য পাওয়া যায়।

মামলাটি দায়ের করেছেন কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল। এতে টিপু আলমকে ১৯ নম্বর আসামি করা হয়েছে। বিষয়টি শনিবার রাতে কালিয়াকৈর থানা-পুলিশকে জানানো হলে সেখান থেকে পুলিশ পাঠিয়ে তাকে বনানী থানা থেকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় নেওয়া হয়।

মামলার প্রধান আসামি শেখ হাসিনা

পুলিশ জানায়, এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় আসামি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৃতীয় আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক। মামলায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বনানী থানা-পুলিশ শনিবার টিপু আলমকে আটক করে। রাতে তাদের মাধ্যমে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা থাকার বিষয়টি জানানো হয়। পরে পুলিশ পাঠিয়ে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, মামলাটি ২০২৪ সালের ১৩ ডিসেম্বর কালিয়াকৈর থানায় দায়ের করা হয়েছিল।