রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের ছবিতে আবার কালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৯:৫২

শেয়ার

খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের ছবিতে আবার কালি
ছবি সংগৃহীত

খুলনা নগরের শিববাড়ী মোড়ে নতুন করে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি মাখানো হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

এর আগে একই প্রতিকৃতিতে কালি মাখানোর পর নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করা হলো।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে বারবার কালি

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ী মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীর রয়েছে। এ প্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং জুলাই আন্দোলনের কিছু চিত্র আঁকা হয়েছে।

প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তি। এর মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এবারও তাঁর মুখমণ্ডলে কালি মাখানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলিমবিরোধী ও কট্টর ভারতপন্থী দাবি করে অনেক আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে তাঁর প্রতিকৃতি ও ছবিতে এভাবে কালি মাখানোর ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় খুলনার শিববাড়ী মোড়েও তাঁর প্রতিকৃতিতে কালি মাখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর একই দেওয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখানো হয়েছিল। এরপর ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর ঘটনা ঘটল।