রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ডিসেম্বরে অবৈধ সীমান্ত যাতায়াত বন্ধের ঘোষণা বিজিবি ডিজির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৭:৫৭

শেয়ার

ডিসেম্বরে অবৈধ সীমান্ত যাতায়াত বন্ধের ঘোষণা বিজিবি ডিজির
ছবি সংগৃহীত

ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে কোনো অবৈধ ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রবিবার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সীমান্তে নিরাপত্তা জোরদার

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ করাও বাহিনীর দায়িত্ব।

সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ লক্ষ্যে সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা বা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষাব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম দেখতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে গিয়ে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এরপর তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।

এ সময় সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার নির্দেশনা দেন।