রোপা আমন ধান ঘরে তোলার শেষ মুহূর্তে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকরা। মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও শুকনো ধান ভিজে মাটিতে নুয়ে পড়েছে, কোথাও এখনো পাকা ধান কাটাই সম্ভব হয়নি। এতে শাজাহানপুর উপজেলাসহ বগুড়ার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। একই সঙ্গে ব্যাহত হচ্ছে আগাম আলুসহ অন্যান্য শীতকালীন ফসলের আবাদ।
রবিবার (২২ নভেম্বর) উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে শাজাহানপুর উপজেলায় ১৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে ব্রি ধান-৪৯, ব্রি ধান-১০৩, বিনা ধান-২৬সহ বেশ কয়েকটি উচ্চফলনশীল জাতের ধান চাষ হয়েছে। বর্ষা অনুকূলে থাকায় এ বছর ধানগাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে। রোগবালাইয়ের আক্রমণও ছিল তুলনামূলক কম। ফলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতি হেক্টরে ৫ দশমিক ৫ মেট্রিক টন হিসাবে এ বছর উপজেলায় ৭৪ হাজার ৬৩৫ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে শেষ সময়ে টানা বৃষ্টিতে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বগুড়ার অন্যান্য উপজেলাতেও আমন ধান নিয়ে কৃষকদের একই ধরনের দুর্ভোগের চিত্র দেখা গেছে।
উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা গ্রামের কৃষক আব্দুল হামিদ জানান, চলতি মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে ব্রি ধান-৪৯ জাতের ধান চাষ করেছিলেন। এক সপ্তাহ আগে জমির পাকা ধান কেটে রেখেছিলেন। ধানগুলো জমিতেই শুকিয়ে গিয়েছিল। দু-এক দিনের মধ্যেই ঘরে তোলার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু গত শুক্রবার সকাল থেকে হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হয়। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে টানা দুই দিন চলে। এতে শুকনো ধান ভিজে মাটির সঙ্গে নুয়ে পড়েছে।
তিনি আরও বলেন, এখনো রোদের দেখা নেই। রোদে শুকানো পাকা ধানগুলো এখন নষ্ট হওয়ার অবস্থায় রয়েছে। দ্রুত রোদ না উঠলে ধানগুলো আর ঘরে তোলা সম্ভব হবে না। এসব ধান থেকে জমিতেই চারা গজাতে পারে। এতে খুব দুশ্চিন্তায় আছি।
এ বছর শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সব এলাকাতেই রোপা আমন ধানের চাষ হয়েছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তোলার পর আগাম আলু চাষ শুরু করেছেন। আবার অনেকেই কাটা ধান ও খড় শুকানোর জন্য মাঠে রেখেছেন। উঁচু এলাকার কিছু জমিতে এখনো ধান কাটা বাকি রয়েছে। পাশাপাশি কেউ কেউ আলু, সরিষা ও ভুট্টাসহ অন্যান্য শীতকালীন ফসল চাষের জন্য জমি প্রস্তুত করছেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব ফসলের আবাদও ব্যাহত হচ্ছে।
একই ইউনিয়নের কৃষক সহিদুল ইসলাম পাঁচ বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছেন। তিনি বলেন, অল্পের জন্য শুকনো ধানগুলো আর ঘরে তুলতে পারলাম না। এদিকে আলু রোপণের সময়ও পার হয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় অনেকটা বিড়ম্বনায় পড়ে গেলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন জানান, হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উঁচু এলাকার কৃষকদের ধানের তেমন ক্ষতির আশঙ্কা না থাকলেও নিচু এলাকায় আমন ধান চাষ করা কৃষকদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে উৎপাদিত ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত না হয়। কৃষকদের উৎপাদিত ফসল রক্ষায় উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।
আরও পড়ুন:







