রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিজয়নগর সীমান্তে ৪৪৮ বোতল ভারতীয় ইস্কাফ উদ্ধার, পালাল চোরাকারবারিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৫:১০

শেয়ার

বিজয়নগর সীমান্তে ৪৪৮ বোতল ভারতীয় ইস্কাফ উদ্ধার, পালাল চোরাকারবারিরা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ভারতীয় ইস্কাফ (কাশির সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন চোরাকারবারি বস্তাভর্তি মাদক ফেলে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০১৩/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর এলাকায় মাদকবিরোধী অভিযানের জন্য অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বাংলাদেশের দিকে মাথায় চটের বস্তা নিয়ে ৬-৭ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪৪৮ বোতল ভারতীয় ইস্কাফ উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব মাদকদ্রব্যের কোনো মালিক পাওয়া যায়নি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংসের উদ্দেশ্যে উদ্ধার করা ইস্কাফ ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।