রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটিতে বিতর্কিতদের পুনর্বাসনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটিতে বিতর্কিতদের পুনর্বাসনের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের পর সমিতির নতুন কমিটিতে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সচিব মিজানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছিল। বিগত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

অভিযোগকারীদের দাবি, মিজান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। তাঁর দায়িত্ব পালনকালে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের "বীর উত্তম" খেতাব কেড়ে নেয়ার উদ্যোগের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ তোলা হচ্ছে।

অন্যদিকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আরেক দোসর হিসেবে অভিযোগের মুখে থাকা ব্রাহ্মণবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও "বিশিষ্ট মদ ব্যবসায়ী" লায়ন ফিরোজুর রহমান অলিওকে পুনর্বাসনের দায়িত্ব কারা নিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রবিবার তার মদের বারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যখন বিতর্কিত ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসন না করার দাবি উঠেছে, তখন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটিতে তাদের জায়গা করে দেয়ার পেছনে কারা ভূমিকা রেখেছেন?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অতীত রাজনৈতিক ভূমিকা, কর্মকাণ্ড এবং বিতর্কিত সংশ্লিষ্টতার অভিযোগ যাচাই না করে গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংগঠনিক পদে পুনর্বাসন করা হলে তা দলের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কমিটি গঠনে কারা ভূমিকা রেখেছেন এবং বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের পেছনে কারা ছিলেন, তা খতিয়ে দেখতে বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

দলীয় হাইকমান্ডের কাছে দাবি, ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের নেপথ্যে থাকা ব্যক্তিদেরও চিহ্নিত করতে হবে। শুধু সামনে থাকা ব্যক্তিদের নয়, যারা তাদের সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছিলেন, তাদের ব্যাপারেও বিএনপির হাইকমান্ডকে ভাবতে হবে।