ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধীন মুকুন্দপুর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।
কার্টন ফেলে পালিয়ে যান ১৫-২০ জন
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির টহলদল। এ সময় ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে ১৫-২০ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কার্টন ফেলে পালিয়ে যান তারা।
পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এক বছরে ১১২ কোটি টাকার বেশি মালামাল জব্দ
বিজিবির তথ্যমতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলতি নভেম্বর মাসে সরাইল ব্যাটালিয়ন ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কাফ সিরাপ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করেছে।
এ ছাড়া ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ প্রায় ১০৭ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা। এসব ঘটনায় ২৪ জন আসামিকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলাসংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।
আরও পড়ুন:







