সিলেটের খাদিমনগর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও একই ওয়ার্ড শ্রমিক লীগ কমিটির কোষাধ্যক্ষ শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাহেবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।
শামীম আহমদ খাদিমনগর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় মামলা রয়েছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ৭। গ্রেপ্তারের পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিএনপিতে পুনর্বাসনের অভিযোগ
স্থানীয় একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তাঁকে বিএনপির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।
শামীমের অতীত রাজনৈতিক পরিচয় ও বিএনপিতে তাঁর পুনর্বাসন নিয়ে প্রশ্ন তোলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে বহিষ্কারের অভিযোগও উঠেছে জাহেদ আহমদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও বহিষ্কৃত নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসেম্বরে খাদিমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডের ইলিয়াস আলী মেম্বারের বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, ওই সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীদের অনেকে দাঁড়িয়ে থাকলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন সামনের সারিতে বসেছিলেন। তাঁদের একটু সরে বসার অনুরোধ জানালে শামীম আহমদ ক্ষুব্ধ হন। এ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে সদর উপজেলা যুবদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন।
দুই নেতাকে বহিষ্কার নিয়ে বিতর্ক
অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে শামীম আহমদ স্থানীয় আল-ইসলাহ নেতাদের সঙ্গে নিয়ে মঈন উদ্দিন ও ছাত্রদল নেতা সালাহউদ্দিন ইমরানের বিরুদ্ধে তাঁকে লাঞ্ছিত করা এবং আল-ইসলাহের সঙ্গে বিরোধ সৃষ্টির অভিযোগ তোলেন।
বহিষ্কৃত দুই নেতার দাবি, জাহেদ আহমদের হস্তক্ষেপে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে মঈন উদ্দিনকে যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে এবং সালাহউদ্দিন ইমরানকে সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
তবে পরবর্তী সময়ে স্থানীয় মুরব্বি ও আল-ইসলাহ নেতাদের মধ্যস্থতায় শামীম আহমদের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের ভুল-বোঝাবুঝির অবসান ঘটে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের ভাষ্য, আল-ইসলাহের সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল না।
বিরোধের অবসান হয়ে থাকলে দুই নেতাকে বহিষ্কারের যৌক্তিকতা কী ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত একজন ব্যক্তির বিএনপিতে পুনর্বাসন নিয়ে প্রশ্ন তোলাই কি তাঁদের বহিষ্কারের কারণ হয়েছিল, সেই প্রশ্নও সামনে এসেছে।
শামীম আহমদের গ্রেপ্তারের পর পুরোনো এসব অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের প্রশ্ন, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার চেয়ে ব্যক্তিগত প্রভাব কি বড় হয়ে উঠছে? রাজনৈতিক পুনর্বাসন ও দুই নেতার বহিষ্কারের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য কী, তা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
আরও পড়ুন:







