রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

মাদক ব্যবসা করেই কয়েক কোটি টাকার সম্পদের অভিযোগ, আ. লীগের মিছিলে অর্থ যোগানদাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৫১

আপডেট: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৫৩

শেয়ার

মাদক ব্যবসা করেই কয়েক কোটি টাকার সম্পদের অভিযোগ, আ. লীগের মিছিলে অর্থ যোগানদাতা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মো. শামাউন মিয়া (২৭) ওরফে সামাউনের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসীদের ব্যবহার করে চাঁদাবাজি এবং সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে মাদকসহ চারটি মামলার তথ্য উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই টাকা দিয়ে আওয়ামী লীগের মিছিল মিটিং এ অর্থ যোগানদাতা হিসেবে অভিযোগ রয়েছে।

তবে একাধিক মামলা ও অভিযোগ থাকা সত্ত্বেও একসময়ের ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়ে কীভাবে এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দুদকের প্রধান কার্যালয়ে জমা দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা মো. শামাউন মিয়া ওরফে সামাউন ওরফে সামনের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী রিয়াজুল করিম তাঁর আবেদনে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, শামাউন ইয়াবাসহ বিভিন্ন মাদকের পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত। কক্সবাজারের টেকনাফ-উখিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মাদক সংগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে স্থানীয় কয়েকজনের সহযোগিতার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের মাদক কারবার ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততার দাবি করা হয়েছে। তবে এসব ব্যক্তির সংশ্লিষ্টতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ:

দুদকে দেয়া আবেদনে উল্লেখ করা হয়, পৌর শহরের কাজীপাড়ার মুক্তমঞ্চ এলাকায় ফুটপাতে ফল বিক্রির ব্যবসার পাশাপাশি শামাউন অল্প সময়ের মধ্যে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।

প্রায় তিন বছর আগে পৈতৃক জায়গায় পাঁচতলা ভবন নির্মাণ এবং বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারসংলগ্ন সড়কের পাশে স্ট্যাম্পের মাধ্যমে কোটি টাকার জমি কেনার অভিযোগও করা হয়েছে। কৌশলগত কারণে এখনো রেজিষ্ট্রি করেনি।

আবেদনকারীর দাবি, এসব সম্পদের প্রকৃত উৎস, জমির মালিকানা, ভবন নির্মাণের ব্যয়, দলিলপত্র ও আর্থিক লেনদেন তদন্ত করা হলে সম্পদ অর্জনের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

মাদক মামলার তথ্য ও আর্থিক লেনদেনের অভিযোগ:

দুদকে জমা দেয়া আবেদনে শামাউনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা চারটি মামলার বিবরণ সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে ২০১৬, ২০২৪ ও ২০২৬ সালের মামলার তথ্য উল্লেখ রয়েছে।

এ ছাড়া তাঁর নিজের নামে সিম ব্যবহার না করে বাবা ও এক বন্ধুর নামে নিবন্ধিত দুটি। মোবাইল নম্বরের মাধ্যমে বিকাশ ও নগদে মাদকের অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে। তাঁর বোনের স্বামী মোশাররফের মাধ্যমে মাদকের অর্থ সংগ্রহ ও লেনদেন এবং দৈনিক ঋণ ও সুদের কারবার পরিচালনার অভিযোগও আবেদনে রয়েছে।

কাউন্সিলর-সাংবাদিক শাহিনের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ:

শামাউনের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মীর মো. শাহিনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর দাবি, শামাউনকে স্থানীয়ভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং সাংবাদিক ও প্রশাসনের অনুসন্ধান থেকে আড়াল রাখতে শাহিন ভূমিকা রাখছেন।

এ বিষয়ে জানতে চাইলে মীর মো. শাহিন কোনো ধরনের মাসোহারা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পাড়ার ছেলে হিসেবে শামাউনের পক্ষে কথা বলেছেন।

শামাউনের বক্তব্য:

অভিযোগের বিষয়ে মো. শামাউন মিয়া ওরফে সামাউনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি সমবায় সমিতির নামে সুদের ব্যবসা করি এবং ফলের দোকানের ব্যবসা করি। একসময় মাদক ব্যবসা করলেও এখন এসব করি না। বাড়ির পাঁচতলা ভবন ব্যবসার টাকায় করেছি এবং বিজয়নগরের জমিগুলো আমাকে একজন খুশি হয়ে দিয়েছে। এগুলো আমি এখনো এখনো রেজিস্ট্রি করিনি।”

প্রশাসনের কাছে তদন্তের দাবি:

দুদকে দেয়া আবেদনে শামাউনের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, জমি ক্রয়, ভবন নির্মাণের অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল আলম বাংলা এডিশনকে বলেন,পূর্বে যে মামলা আছে, সে মামলাগুলোতে হয়তো গ্রেপ্তার হয়েছে বা জামিনে আছে। আর মাদকসহ তাকে না পেলে গ্রেপ্তার করা সম্ভব না। আর মাদকের মামলায় সে জামিনে আছে। আর সবগুলো মামলায় গ্রেফতার হয়েছিল, আর সে জামিনে আছে। আর পলিটিক্যাল ইসু ভিন্ন। তার যদি কোন সম্পৃক্ত থাকে তাহলে আমাদের জানান। ব্যবস্থা নিব।