নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের জেরে বাড়িঘরে হামলা
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতা হত্যার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাঁদের ওপর অতর্কিত হামলা হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।
চিকিৎসাধীন অবস্থায় দুই নেতার মৃত্যু
আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের পর নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন:







