শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

শিব্বির আহমদ রানা,বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২২:২২

শেয়ার

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল
ছবি: বাংলা এডিশন

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়ব।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে তাঁর অনুসারীদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও নাশকতার চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা এ বিক্ষোভ মশাল মিছিলের আয়োজন করেছেন। ছাত্রদল রাজপথের সংগঠন এবং রাজপথের আন্দোলনেই বিশ্বাসী। ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না।

এ সময় বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।