শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:১৫

শেয়ার

গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা
ছবি সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী ঢাকা থেকে গাড়িতে করে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার পর মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় অবস্থান করছিলেন। মারধরের শিকার হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

যেভাবে অপহরণের শিকার হন বিএনপি নেতা

মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি।

বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা সড়কে গাছ ফেলে অবরোধের বিষয়টি দেখতে পান। কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

তাঁর ভাষ্য, গাড়ি থেকে নামিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকেও মারধর করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ছবি দেখে তাঁকে আরও মারধর করা হয়।

নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মনিরুল হক ফরাজীর দাবি, একপর্যায়ে শেখ মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাঁকে সঙ্গে নিয়ে অপহরণকারীরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটানো হয়। একপর্যায়ে মুক্তির জন্য আরও টাকা দাবি করে তারা। পরে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

রাতেই ঢাকায় ফেরেন, চিকিৎসা নিচ্ছেন

মনিরুল হক ফরাজী বলেন, অপহরণকারীদের দলে প্রথমে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। মুক্তি পাওয়ার পর ভাড়ার মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে পথ ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন।

তিনি জানান, ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন। এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানাননি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হওয়ার খবর পেয়ে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে ওই বিএনপি নেতা ফিরে এসেছেন বলে তাঁরা খবর পেয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।