শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:১২

শেয়ার

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের ওই দিনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

নিহতরা হলেন- বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নীকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিনই তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।