শনিবার

২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

সীমান্তঘেঁষা রামগড়ে সাগর দেবনাথের কাছে আগ্নেয়াস্ত্র, উদ্দেশ্য কী?

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৫:০৯

শেয়ার

সীমান্তঘেঁষা রামগড়ে সাগর দেবনাথের কাছে আগ্নেয়াস্ত্র, উদ্দেশ্য কী?
ছবি: বাংলা এডিশন

খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা রামগড়ে ৬১ বছর বয়সী এক ব্যক্তির বাড়ি থেকে দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ এ এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদের বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়দের অনেকে। অস্ত্রটির উৎস, কী উদ্দেশ্যে এটি সংরক্ষণ করা হয়েছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার রাতে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সাগর দেবনাথ নামে ওই ব্যক্তিকে আটক করেন।

তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক সাগর দেবনাথ শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারে ক্ষুদ্র কসমেটিকস ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয়দের উদ্বেগের আরেকটি কারণ, রামগড় ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ফলে এ এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও অস্ত্রের সম্ভাব্য উৎস নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, শুধু অস্ত্র উদ্ধারের ঘটনায় সীমাবদ্ধ না থেকে এর উৎস, সরবরাহকারী এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। কোনো অপরাধী বা সংঘবদ্ধ চক্রের সঙ্গে আটক ব্যক্তির যোগাযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।

এদিকে, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অস্ত্র সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।