শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকায় চাল ও সবজির দাম বেড়েছে, চাপে ভোক্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৩:২৫

শেয়ার

ঢাকায় চাল ও সবজির দাম বেড়েছে, চাপে ভোক্তা
ছবি সংগৃহীত

প্রকৃতিতে শীতের আমেজ শুরু হলেও রাজধানীর বাজারে কমছে না নিত্যপণ্যের দাম। নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করলেও সেগুলোর দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। একই সঙ্গে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নাজিরশাইল ও মিনিকেট চালে বেড়েছে দাম

বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। গত ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রতি কেজিতে এ চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বর্তমানে খুচরা বাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এর দাম ছিল কেজিপ্রতি প্রায় ৮৫ টাকার আশপাশে।

বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সরু জাতের মিনিকেট এবং মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চালের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে মিনিকেটের দাম কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল কিনতে প্রতি কেজিতে ক্রেতাদের খরচ হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা।

তবে মোটা জাতের গুটি স্বর্ণা ও চায়না ইরি চালের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এসব চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৪ টাকায়।

কারওয়ান বাজারের এক খুচরা চাল বিক্রেতা জানান, পুরোনো ধানের মজুত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

তার ভাষ্য, নভেম্বরের শেষ দিকে আমন ধান সংগ্রহ শুরু হবে। নতুন চাল বাজারে এলে দাম কমতে পারে।

তবে নাজিরশাইলের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বাড়ার ব্যাখ্যা দিলেও মিনিকেটের মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাঁদের কেউ কেউ মনে করছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগ নিয়ে চালকল মালিকেরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।

এদিকে এ বছর বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পোলাও চালের মূল্য কিছুটা কমেছে। বর্তমানে খোলা পোলাও চালের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। দুই মাস আগেও প্রতি কেজির দাম ছিল ২০০ টাকার বেশি। অন্যদিকে প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে।

সরকারি গুদামে চালের মজুত ১৭ লাখ টনের বেশি

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ সব ধরনের খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বৃষ্টি ও পরিবহণ সমস্যায় বেড়েছে সবজির দাম

সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকার বাজারে সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এতে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।

বর্তমানে আকারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগেও একই ফুলকপি পাওয়া যেত ২৫ থেকে ৩৫ টাকায়।

শিমের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম বেড়েছে ২০ টাকা। বর্তমানে প্রতি কেজি বেগুনের দাম ৭০ থেকে ৯০ টাকা। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের দাম কেজিতে ১০ টাকা করে বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে।

বাজারে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। পুরোনো আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা। অন্যান্য সবজির দাম মোটামুটি আগের অবস্থায় রয়েছে।

খিলক্ষেতে ভাসমান সবজি বিক্রেতা করিম জানান, কয়েক ধরনের সবজির পাঁচ কেজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। তবে বেশি দামে সবজি কেনার পর বিক্রি না হলে তাঁকে লোকসান গুনতে হবে।

কারওয়ান বাজারের এক পাইকারি সবজি বিক্রেতা বলেন, বৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজি পরিবহণকারী ট্রাকের সংখ্যা কমেছে। সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই বাজারে দাম বাড়ে।

সবজি ব্যবসায়ীদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক হলে শীতকালীন সবজির দাম কমতে পারে। বৃষ্টির কারণে ক্রেতা কম থাকায় বিক্রিও আগের তুলনায় কমেছে।

ডিম ও মুরগির দামে বড় পরিবর্তন নেই

গত সপ্তাহের তুলনায় ডিম ও মুরগির বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকায়।

বাজার তদারকি জোরদারের পরামর্শ ক্যাবের

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।

তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে নানা অজুহাত সামনে এনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে বাজার চলে যাওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

এসএম নাজের হোসাইনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়ালেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

বাজার বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে থাকেন। এ ধরনের প্রবণতা ঠেকাতে পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি মিলগেটের মূল্য প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা বন্ধে বাজার তদারকি আরও জোরদার করতে হবে।