সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে গাছ কেটে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেছে। সারাদেশব্যাপী ১৯ তারিখের লকডাউন ঘিরে এই কার্যক্রম করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাতক্ষীরা শহরের বাইপাসে জেলা ছাত্রলীগ নেতা মিনাল মন্ডলের নেতৃত্বে সড়কে গাছ কেটে আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া শহরের লাবসা এলাকায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজান ও যুগ্ম আহ্বায়ক সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জেলা যুবলীগ। জেলার বিভিন্ন উপজেলায় রাতের আঁধারে মশাল মিছিল বের করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অপরদিকে ১৯ তারিখের লকডাউন ঘিরে রাত জেগে সড়কে পাহারায় রয়েছে বিএনপির নেতাকর্মীরা। কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাত জেগে বিভিন্ন এলাকায় নেতাকর্মী নিয়ে পাহারা দিতে দেখা যায়। তাছাড়া জেলা যুবদল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকাতে মিছিল করেছে।
জেলায় বিভিন্ন স্থানে লকডাউন মোকাবিলায় সভা সমাবেশ করেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তবে দেশব্যাপী ১৯ তারিখের লকডাউনে তেমন প্রভাব পড়েনি সাতক্ষীরায়। ঢাকাগামী দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নিয়েছে বাস মালিক সমিতি। তাছাড়া শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তজেলা পরিবহনগুলো সড়কে চলাচল করতে দেখা গেছে।
সাতক্ষীরা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা চালাচ্ছে। বিভিন্ন জায়গায় রাতের আঁধারে গাছ কেটে সড়ক অবরোধ করছে। বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা লক্ষ্য করে আগুন ধরিয়ে দিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এই কার্যক্রম আমরা প্রতিহত করে দেব। আমরা সাতক্ষীরা জেলা যুবদল রাজপথে প্রস্তুত আছি। কোনো ধরনের নাশকতা ছাড় দেয়া হবে না।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছি। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে সড়কে গাছ কেটে অবরোধ করছে। বিভিন্ন স্থাপনায় হামলা করছে। আমরা উপজেলা বিএনপির সদা প্রস্তুত আছি। কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে। তারেক রহমানের হাত শক্তিশালী করতে জেলা বিএনপির পাশাপাশি কালিগঞ্জ উপজেলা বিএনপি রাজপথে আছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ সকল সংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছে নাশকতা ঠেকাতে। সাতক্ষীরার মাটিতে কোনো ধরনের আওয়ামী লীগের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল বলেন, সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। আমরা জেলায় বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি জোরদার করেছি। দেশকে অস্থিতিশীল করতে যারা রাতের আঁধারে নাশকতা করবে তাদের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে।
আরও পড়ুন:







