ক্যাম্পের অনিশ্চিত জীবন ছেড়ে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। তবে মিয়ানমারে ফিরে যাওয়ার আগে নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা চান তারা। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে এ আকুতি জানিয়েছেন তারা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান খলিলুর রহমান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরকালে তিনি তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা শোনেন।
আইসিজের রায়কে প্রত্যাবাসনের আশার সঙ্গে দেখছেন রোহিঙ্গারা
ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, সকালে তিনি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।
রোহিঙ্গাদের কাছে এ রায় শুধু গণহত্যার বিচার বা আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় নয়, নিজ দেশে ফেরার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশার সঙ্গেও জড়িয়ে রয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করে। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আশ্রয়শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এর আগে খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা চান রোহিঙ্গারা
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং জানান, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরদিন ক্যাম্পে থাকতে চান না। তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করছেন তারা।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান কিন মং। তার মতে, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। নিজ দেশে ফিরে নাগরিক হিসেবে অধিকার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তাই রোহিঙ্গাদের প্রধান চাওয়া।
দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকলেও নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। আইসিজের রায়ের পর নতুন করে আশার কথা বলছেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগে সেই প্রত্যাশা পূরণ হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন রোহিঙ্গারা।
আরও পড়ুন:







