পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
একটি বিস্ফোরণ, অন্যটি উদ্ধার
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আদালতের ফটকের সামনে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে প্রথমটি বিস্ফোরিত হয়। দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অবরোধ কর্মসূচি ঘিরে সন্দেহ পুলিশের
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।
প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:







