শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন

হামজা শেখ,রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১২:০১

আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ ১২:০৩

শেয়ার

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন
ছবি: বাংলা এডিশন

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখা কার্যালয়ের সামনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ১৯ সেকেন্ডের একটি ভিডিও সন্ধ্যায় ছড়িয়ে পড়ে ফেসবুকে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার দৌলতদিয়া শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কার্যালয়ে কর্তব্যরত নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যাংকের কোনো সম্পদের ক্ষতি হয়নি।

ঘটনাটি সারাদিন আড়ালে থাকার পর সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি ফেসবুক আইডি থেকে আগুন লাগার ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখার বারান্দার ভেতরের মেঝেতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের কিছু অংশ বারান্দার বাইরের দিকেও ছড়িয়ে পড়েছিল।

এ বিষয়ে দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, কে বা কারা তাঁর কার্যালয়ের সামনে শুকনো কাগজে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি অফিসের বারান্দার বাইরে লোহার কেচি গেটের সামনে ঘটে। এতে কার্যালয়ের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং আপাতত কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকের শাখার কার্যক্রমও স্বাভাবিক ছিল।

অন্যদিকে, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর বৃহস্পতিবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে আগুনের কোনো আলামত পাননি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।