শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

লকডাউন দিয়ে নিজেদের ‘বিলুপ্ত’ প্রমাণ করছে আ. লীগ?

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২২:২৫

শেয়ার

লকডাউন দিয়ে নিজেদের ‘বিলুপ্ত’ প্রমাণ করছে আ. লীগ?
ছবি সংগৃহীত

দেশ অচলের ডাক, লকডাউনের ঘোষণা। অথচ বাস্তবতা যেন ঘোষণার ঠিক বিপরীত। রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ—দেশের উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি প্রান্তের চিত্রই বলছে ভিন্ন কথা। দেশ অচলের ফাঁকা ঘোষণা থাকলেও রাজপথে থেমে থাকেনি মানুষের জীবনযাত্রা।

লকডাউনের ঘোষণা ও অপপ্রচার

শুক্রবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ দলটি।

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ১৯ তারিখকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের অপপ্রচার চালাতে দেখা যায়। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র। গণপরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মস্থল—সবখানেই বিরাজ করতে দেখা যায় স্বাভাবিক পরিস্থিতি। সাধারণ মানুষের ভাষ্য, মেট্রোরেল, যানবাহন ও রাস্তাঘাট—সবকিছুই ছিল স্বাভাবিক।

এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত এই লকডাউনকে ভুয়া বলেও মন্তব্য করেছে রাজধানীবাসী।

ঢাকার পাশের জেলায় স্বাভাবিক চিত্র

রাজধানী ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগ ও জেলাগুলোতেও উঠে আসে স্বাভাবিক পরিস্থিতির চিত্র। ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরে ১৯ তারিখ সারাদিনের পরিস্থিতি স্বাভাবিক ছিল। স্বাভাবিক যান চলাচল, সাধারণ মানুষের দিনভর ব্যস্ততা—সব মিলিয়ে জেলার বিভিন্ন সড়কে ছিল চেনা কর্মচাঞ্চল্য। এছাড়াও সংগঠনটির এই লকডাউনকে কেন্দ্র করে গাজীপুরের স্থানীয় নেতাকর্মীদেরও বিভিন্ন জায়গায় সরব থাকতে দেখা যায়।

অপরদিকে, ঢাকার আরেক পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও উঠে আসে ঠিক একই রকম চিত্র। মহাসড়কে স্বাভাবিক যান চলাচল, শিল্পকারখানাগুলোতে অন্যান্য দিনের মতোই কর্মব্যস্ততা—সব মিলিয়ে এই জেলাটিতেও ছিল স্বাভাবিক পরিস্থিতি।

অন্যান্য অঞ্চলেও প্রভাব পড়েনি

শুধু তাই নয়, দেশের অন্যান্য সীমান্তবর্তীসহ বিভিন্ন অঞ্চল—সিলেট, বগুড়া, সাতক্ষীরা এবং খুলনার সড়কগুলোতেও ১৯ তারিখের কথিত লকডাউনকে সামনে রেখে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ করা যায়নি। এমনকি কথিত এই লকডাউন রুখে দিতে অঞ্চলগুলোতে, বিএনপি-জামায়াতের রাজনৈতিক নেতাকর্মীদের ব্যাপক সোচ্চার ভূমিকাও পালন করতে দেখা যায়।

বিচ্ছিন্ন মিছিল ও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের রাজধানী ও জেলা শহরগুলোতে তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও কিছু কিছু জায়গায় দেখা যায়, বিচ্ছিন্ন কিছু ঝটিকা মিছিল। অন্যদিকে, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং কোনো কোনো জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনার কারণে অন্যান্য দিনের তুলনায় বাইরে লোকজনের সমাগম কিছুটা কম ছিল বলেও জানায় কেউ কেউ।

সব মিলিয়ে, দেশ অচলের হুঁশিয়ারি আর সর্বাত্মক লকডাউনের ফাঁকা ঘোষণা—কোনোটিই শেষ পর্যন্ত থামাতে পারেনি দেশের স্বাভাবিক জীবনযাত্রা। বিচ্ছিন্ন কিছু ঝটিকা মিছিল ছাড়া ১৯ তারিখ সারাদিন দেশজুড়ে কর্মসূচিটির তেমন কোনো প্রভাবই পড়েনি জনজীবনে। দেশকে সচল রাখতে সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রুখে দেওয়া জরুরি বলে মনে করছে বিশ্লেষকরা।