বগুড়ার শাজাহানপুরে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার ঘোষণা দিয়ে রাতের আঁধারে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীরা। তবে মিছিলটি শাজাহানপুরে হয়নি, ঢাকার গাজীপুর এলাকার বিভিন্ন স্থানে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেখানকার মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে শাজাহানপুরের নামে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের দেখা গেছে
মশাল মিছিলে প্রকাশ্যে দেখা গেছে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুকে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
গত বুধবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত ওই ভিডিওতে শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভিপি এম সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুকে দেখা যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, মশাল মিছিল ও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিডিওগুলো পুলিশ অনুসন্ধান করেছে। অনুসন্ধানে দেখা গেছে, ঢাকার গাজীপুর এলাকার বিভিন্ন স্থানে মিছিল করে সেগুলো শাজাহানপুরের মিছিল বলে প্রচার করা হচ্ছে। শাজাহানপুরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন প্রচারণা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দাবি, ঢাকায় মিছিল করে শাজাহানপুরের নামে প্রচার চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলীয় কার্যক্রম অব্যাহত রাখার কথা যুবলীগ নেতার
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোথায় ও কখন এসব কার্যক্রম করছেন, তা কাউকে জানাবেন না। তবে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, শাজাহানপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বাইরের জেলায় মিছিল ও দলীয় কার্যক্রম করে তা শাজাহানপুরের নামে প্রচার করছেন। এর মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁদের রাজপথে প্রতিহত করতে তাঁরা সব সময় প্রস্তুত রয়েছেন।
আরও পড়ুন:







