কলা কিনে না দেয়ায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার, মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি, রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তার এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ঝিনাইদহ পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো.ফররুখ আহম্মদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে শৈলকূপা এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর মহেশপুরে ডিএসবি শাখায় দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক পরিচয় ও পুলিশি ক্ষমতা ব্যবহার করে নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
বর্তমানে তিনি হরিণাকুণ্ডু থানার ভাইনা পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে এসআই ফররুখ শৈলকূপা থানার ডিএসবি শাখায় দায়িত্ব পালন করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে মহেশপুরে বদলি করা হয়। অভিযোগকারীদের দাবি, শৈলকূপায় দায়িত্ব পালনকালে তিনি নিজেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন। পরবর্তী সময়ে মহেশপুরে গিয়ে ছাত্রদল ও বিএনপির ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করেন। বর্তমানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ফররুখ বিভিন্ন সময় দম্ভ করে বলতেন,এসপি-ডিআইজি আমার পকেটে, আমি যা বলব, তাঁরা তাই করবেন। এমন বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন তাঁরা।
শৈলকূপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসের শেষের দিকের কোন এক দিন এসআই ফররুখ তাঁর দোকানে এসে এসপি স্যারের জন্য তিন ছড়া পাকা কলা কিনে দিতে বলেন। কিন্তু তিনি কলা কিনে দিতে অস্বীকৃতি জানালে ফররুখ ক্ষুব্ধ হন। রাশিদুলের দাবি,এর কয়েক দিন পর ২০২৩ সালের ৯ নভেম্বর তাঁকে আটক করা হলেও ১০ নভেম্বর গ্রেফতার দেখানো হয়। পরে মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে রাশিদুল বলেন,এ ঘটনার পর তাঁর সংসারে চরম অশান্তি নেমে আসে। মানসিক চাপ ও দুশ্চিন্তায় তাঁর স্ত্রী স্ট্রোক করেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। দুই সন্তানের লেখাপড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
শৈলকূপা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের নেতা পলাশ, তাঁর বাবা সাবেক কমিশনার ও বর্তমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন ভল্টা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিএসবি শাখায় দায়িত্ব পালনকালে ফররুখ শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পুলিশি অভিযান, মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা আদায় করেছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও পুলিশি ক্ষমতা ব্যবহার করে ফররুখ বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর নিজের ও আত্মীয়স্বজনের নামে অন্তত ছয়টি বড় ট্রাক, দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার রয়েছে বলে দাবি তাঁদের। খুলনা, বাগেরহাট ও যশোর শহরে জমি ও বাড়ি থাকার কথাও জানিয়েছেন অভিযোগকারীরা। এসব সম্পদের বৈধ উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন তাঁরা।
মহেশপুরের ব্যবসায়ীদের অভিযোগ, কলেজ স্ট্যান্ড এলাকার একটি মাংসের দোকান থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং পুরোপাড়া গরুর হাট থেকে প্রতি হাটে দুই হাজার টাকা করে আদায় করা হতো। উপজেলার বিভিন্ন ইটভাটা থেকেও নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া মহেশপুরের একটি মদের দোকান থেকে নিয়মিত মদ নেওয়া এবং বাসায় মদ্যপানের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। এ বিষয়ে দোকানদার আরিফের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বলে জানা গেছে। সংশ্লিষ্ট সাক্ষাৎকারের ভিডিও বাংলা এডিশনের কাছে রয়েছে।
মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে কৌশিক আহম্মেদ (শামিল) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির আবেদন করলে তাঁর পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের সময় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অনুকূলে প্রতিবেদন দেয়ার অভিযোগও উঠেছে ফররুখের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
অন্যদিকে মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়জুদ্দিন হামিদের কাছ থেকেও বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, একটি ফার্নিচারের দোকান থেকে টেবিল, চেয়ার, আলমারি ও বাসার অন্যান্য আসবাবপত্র নেওয়া হয়েছিল। বিনিময়ে তাঁকে আইনি ঝামেলা থেকে রক্ষা করার আশ্বাস দেয়া হয়।
এ ছাড়া সাবেক ছাত্রলীগ নেতা হারুন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগও ছিল ফররুখের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তাঁকে আশ্বস্ত করে বলা হয়েছিল,আমি যতদিন মহেশপুরে আছি, আপনার কেউ কিছু করতে পারবে না। এর বিনিময়ে তাঁর কাছ থেকেও নিয়মিত অর্থ নেয়া হতো বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই ফররুখ আহম্মদ বলেন,এ ধরনের নিউজ আমার নামে পূর্বেও অনেক হয়েছে। এগুলো লিখলে শুধু একটু সম্মানের ক্ষতি, তাছাড়া আমাকে কিছুই করতে পারবেন না। তিনি আরও বলেন, তাঁর জামাই একজন এএসপি, এবার এসপি হয়ে যাবেন। ঝিনাইদহে বড় পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যেও তাঁর চাচা ও ব্যাচমেট রয়েছেন। এ কারণে সংবাদ প্রকাশ করে তাঁর কোনো ক্ষতি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, চাকরিতে আর মাত্র এক মাস সময় রয়েছে।
এ সময় এসআই ফররুখ মহেশপুর থানার সাবেক ওসি মেহেদী হাসানকে উদ্দেশ করে বিরূপ ও কটূক্তিমূলক মন্তব্য করেন। একপর্যায়ে তিনি দাবি করেন, মেহেদী হাসান মহেশপুর থানা থেকে ৪২টি জায়গা থেকে টাকা নিতেন। মদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রয়োজন হলে আমাকে ডোপ টেস্ট করান।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসন এর কাছে জানতে মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ হয়নি।
আরও পড়ুন:







