চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই নিভে যায়। এতে কেউ হতাহত হননি।
দুই বছর ধরে বাড়িটিতে কেউ থাকেন না
পুলিশ জানায়, গত দুই বছর ধরে বাড়িটিতে কেউ বসবাস করেন না। বাড়ির গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে কোনো গাড়ি রাখা হয় না। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত করছে পুলিশ
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
আরও পড়ুন:







.jpg)