রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ চত্বরে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে রহমানিয়া ছাত্র কাফেলা। ১৮ নভেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
বইমেলার উদ্বোধন করেন ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক (অর্থনীতি)।
বইয়ের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক গড়ার আহ্বান
উদ্বোধনী অনুষ্ঠানে মামুনুল হক সর্বস্তরের মানুষকে বইমেলায় আসার এবং পরবর্তী প্রজন্মকে বইয়ের সঙ্গে পরিচিত ও সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, বইমেলা তরুণ প্রজন্মকে তাদের শিকড়ের সন্ধান পাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। প্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়েও জ্ঞান ও সাধনার আঁতুড়ঘর হলো কাগজ ও কলম। প্রাচীনকাল থেকে চলে আসা বইয়ের এই অকৃত্রিম ব্যবস্থায় মানুষকে আবার ফিরে আসতে হবে।
মামুনুল হক বলেন, প্রযুক্তি মানুষকে অনেক উৎকর্ষতা দিয়েছে, পাশাপাশি অনেক কিছু কেড়েও নিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী অপেক্ষা করছে, তা জানা নেই। কৃত্রিমতার সব আবরণ ভেদ করেও প্রাকৃতিকতার নির্যাস ধরে রাখার চেষ্টা করতে হবে।
রহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন
উপমহাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র সংসদ রহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি উপলক্ষে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
১৮, ১৯ ও ২০ নভেম্বর বুধ, বৃহস্পতি ও শুক্রবার টানা তিন দিন সাত গম্বুজ মসজিদ চত্বরে এ বইমেলা চলবে।
আরও পড়ুন:







